
আতাউর রহমান চঞ্চল নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর উদ্যোগে এবং ইসিসিআর (ECCR) প্রকল্পের সহযোগিতায় আগৈলঝাড়া ভ্যাগাই হালদার পাবলিক একাডেমিতে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে একটি আনন্দঘন র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদারের তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া ভ্যাগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফারহানা আক্তার এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল হক।
বক্তারা তাদের বক্তব্যে কন্যাশিশুদের শিক্ষা, অধিকার, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুরা দেশের উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মেধা ও সম্ভাবনার বিকাশ ঘটাতে হলে শিক্ষার পাশাপাশি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে কন্যাশিশুর অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।