
হেমায়েত হোসেন খাঁন, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরে ইয়াবার বিস্তার ঠেকাতে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে একদিনেই ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করা হয়েছে। একই সঙ্গে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শিবচর ও মাদারীপুর সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের দোতারা হাজী ইয়াসিন মোল্লার কান্দি এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। দুদু মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শরীয়তপুরের পদ্মাসেতু দক্ষিণ থানার হাজী নকড়ী মাদবর কান্দির মৃত শাহজাহান শেখের ছেলে মো. মজিবুর রহমান (২৭), উকিল উদ্দীন মুন্সির কান্দির মৃত বাচ্চু মাদবরের ছেলে মাসুদ রানা (২৭) এবং জাজিরা থানার উত্তর খোসাল শিকদারের কান্দির ইসমাইল হোসেনের ছেলে আদি মাহমুদ হিমেল (২৫)।
এর মাত্র দুই ঘণ্টা পর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে লিটনের বালু বিক্রয়কেন্দ্রের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন—আমিরাবাদ ভূইয়াবাড়ীর মিজান সরদারের ছেলে জাহিদ সরদার (২৮), টুবিয়া এলাকার মৃত সৈয়দ আলী বেপারীর ছেলে মাসুদ বেপারী (৩৬) এবং চর হোগলপাতিয়া এলাকার কিবরিয়া খলিফার ছেলে রুবেল খলিফা (৩২)।
একদিনে ৬৫০ পিস ইয়াবা, প্রশ্ন উঠছে সরবরাহ নিয়ে
পুলিশের দাবি অনুযায়ী, দুটি পৃথক অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৬৫০ পিস। এর মধ্যে শিবচরের অভিযানে একাই উদ্ধার হয়েছে ৬০০ পিস। ফলে মাদারীপুরে ইয়াবার সরবরাহ ও বিস্তারের পেছনে কারা জড়িত, এসব চালান কোথা থেকে আসছে এবং এর সঙ্গে আরও কেউ সম্পৃক্ত কি না—এসব বিষয় তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিরা কীভাবে ইয়াবা সংগ্রহ করেছিলেন বা তারা কোনো বড় মাদকচক্রের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তদন্ত শেষে এসব প্রশ্নের উত্তর মিলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ৬৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে