
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গড়িয়ারপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন—বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের মো. শাহজাহান সিকদারের ছেলে হাফিজুর রহমান সিকদার (৩২) এবং একই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মদকাঠী গ্রামের নুরুল আমীন ফকিরের ছেলে ইমাম হাসান (১৯)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই বাসুদেবের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে গড়িয়ারপাড় পুলিশ বক্সের সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল।
চেকপোস্ট চলাকালে সন্দেহজনকভাবে চলাচল করায় দুই যুবককে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।