
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ধামরাই থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে, যাতে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদ।
এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ধামরাই থানাধীন বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।