
এ, এস, মামুন, স্টাফ রিপোর্টার:
“ঘর থেকেই শুরু করে, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে গৌরনদী উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মিজানুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দীন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস।
এ ছাড়া উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি কমাতে পারিবারিক পর্যায় থেকে প্রস্তুতি গ্রহণ, আগাম সতর্কবার্তার গুরুত্ব এবং দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে নিরাপদ এবং দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।