
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক ঢাকাঃ-
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর (ছেলে) সাবেক বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতা, এফবিবিসিআই এর সাবেক পরিচালক
সেরনিয়াবাত মঈনউদ্দিন আব্দুল্লাহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার (পলাশ) হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এ ঘটনায় মঈনউদ্দিনের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তার দেখানোর প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে একে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
যেভাবে মামলার সূত্রপাত
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন ফিরোজ তালুকদার পলাশ। পরে তাঁকে মিরপুরের আলোক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পলাশের স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ গত ১০ অক্টোবর মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সোমবার শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগেও গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দিন
২০২৪ সালের ২৬ অক্টোবর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঈনউদ্দিনকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। নতুন এ আদেশের মাধ্যমে তাঁকে মিরপুরের পলাশ হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হলো।
নিন্দা ও প্রতিবাদ
মঈনউদ্দিনের বিরুদ্ধে এ পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট পক্ষ বলেছে, তাঁকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।