
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইল জেলার কালিয়া উপজেলা ও নড়াগাতী এলাকার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চাপাইল-কালিয়া সড়কে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করছেন সাধারণ যাত্রীরা। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, ভ্যান, রিকশা, টেম্পু ও মোটরসাইকেলের মতো অনিরাপদ যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গণপরিবহন না থাকায় এ অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও দিনমজুরদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাপাইল-কালিয়া রুটটি নড়াইল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, হাট-বাজার ও ব্যবসায়িক কাজে শত শত মানুষ এ রুট ব্যবহার করেন। শুধু নড়াইল জেলার মানুষই নয়, পাশ্ববর্তী গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা জেলার বহু মানুষও প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন। ফলে সড়কটির গুরুত্ব দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটি সড়কে এখনো কোনো সরকারি বাস সার্ভিস চালু হয়নি। ফলে যাত্রীদের বাধ্য হয়ে ছোট ও ঝুঁকিপূর্ণ যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে ভোরবেলা, অফিস টাইম ও সন্ধ্যার পরে যানবাহনের সংকট তীব্র আকার ধারণ করে। তখন অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
বর্তমানে যাত্রীদের প্রধান ভরসা ইজিবাইক, টেম্পু ও মোটরসাইকেল। এসব যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি ও সড়ক নিরাপত্তার অভাবে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ঝুঁকি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই সড়কে যানবাহন সংকট দেখা দেয়, আর তখন কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয় যাত্রীদের।
স্থানীয় বাসিন্দারা জানান, কালিয়া উপজেলা ও আশপাশের এলাকার মানুষের জন্য একটি সরকারি বিআরটিসি (ইজঞঈ) বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি। সরকারি পরিবহন চালু হলে সাধারণ মানুষ কম খরচে নিরাপদে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সচেতন মহল।
একাধিক শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ বলেন, প্রতিদিন যাতায়াতে অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে তাদের আর্থিক কষ্ট বাড়ছে। অনেক সময় জরুরি প্রয়োজনে যানবাহন না পাওয়ায় ভোগান্তির শেষ থাকে না। দ্রুত এই রুটে বিআরটিসি বাস চালু করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি, নড়াইল জেলা প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একটি আধুনিক ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা চালু হলে শুধু যাত্রীসেবাই বাড়বে না, বরং এলাকার অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
সচেতন মহল মনে করছে, জনস্বার্থে দ্রুত চাপাইল-কালিয়া রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করা এখন অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের এই প্রাণের দাবি বাস্তবায়িত হলে হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।