
পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতীতে মাসব্যাপী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে বড় দুলালী স্পোর্টিং ক্লাবকে ৭-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুমন স্মৃতি একাদশ।
বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার ২০ নম্বর পূর্ব বাউরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৯০ মিনিটের খেলায় মোট ১০টি গোল হওয়ায় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২ নম্বর বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলাম সাদী মীর, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার ও এম. আলম, ২ নম্বর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ এবং বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবর বয়াতি। ‘প্রজন্ম বাউরগাতী’র আয়োজনে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সৈয়দ রিয়াজুল করিমের পৃষ্ঠপোষকতায় এবং ‘পাওয়ারপ্লাস’-এর স্পন্সরশিপে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। পুরো আয়োজনকে ঘিরে বাউরগাতী ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক টুকু শরীফ ও সৈয়দ শামসুল আলম আলী মীর।