
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুর জেলা পুলিশের নিয়মিত ও সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে সদর থানা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় মূল আসামি পলাতক থাকায় মূল অভিযুক্ত সাব্বির হোসেন হৃদয় (২৬) কে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা জুড়ে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায়,( ১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে মাদারীপুর সদর মডেল থানধীন চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আঃ জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের ১ম ইউনিটের ভাড়াটিয়া সাব্বির হোসেন হৃদয় এর বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়।
এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন ,পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন,মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।