
পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বসতবাড়ি, চলাচলের পথ ও আশপাশের নিচু এলাকায় জমে আছে নোংরা পানি। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পানি জমে থাকায় অনেক জায়গায় চলাচলের পথ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছে। কোথাও কোথাও পানি পার হয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের দুর্ভোগ বেশি। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে ইট বিছিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও তাতেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা ও পচনশীল বিভিন্ন বস্তু মিশে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে এসব স্থানে মশার বংশবিস্তার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ সময় নোংরা পানির সংস্পর্শে থাকায় চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনীয় নালা-নর্দমা পরিষ্কার, পানি চলাচলের পথ সচল এবং যেখানে প্রয়োজন সেখানে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
নাগরিক দুর্ভোগ ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গৌরনদী পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।