
‘এনসিপিতে বিষয়টি ওপেন সিক্রেট, জামায়াতের আমিরও আসন ছাড়তে রাজি হননি’
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন রাশেদ। তার দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি এনসিপির ভেতরে অনেকেরই জানা এবং এ কারণেই দলের সিনিয়র নেতাদের একটি অংশ তাকে প্রকাশ্যে সমর্থন করছেন না।
ফেসবুক পোস্টে রাশেদ দাবি করেন, আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসনটি ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরের কাছে অনুরোধ করা হলেও তিনি তাতে রাজি হননি। এ বিষয়ে নাহিদ ইসলাম কয়েকজনের কাছে আক্ষেপ করে এমন কথা জানিয়েছেন বলেও দাবি করেন রাশেদ।
রাশেদের ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের বিরুদ্ধে থাকা অভিযোগ বা বিতর্কের দায় নিতে জামায়াতে ইসলামীর আমির অনাগ্রহ প্রকাশ করেছিলেন। এমনকি এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে ফোন করেছিলেন বলেও দাবি করেন তিনি। রাশেদের দাবি, ওই সময় জামায়াতের আমির প্রয়োজনে আরও কয়েকটি আসন ছাড়ার কথা বললেও আসিফ মাহমুদের আসনের বিষয়ে অনুরোধ না করার কথা জানান।
পোস্টে রাশেদ আরও দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দলের ভেতরে আলোচনা রয়েছে। তার অভিযোগ, এনসিপির অধিকাংশ নেতাকর্মী যেখানে সাধারণ জীবনযাপন করছেন, সেখানে মাত্র ১৮ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসিফ মাহমুদের সম্পদের বিষয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
রাশেদ আরও দাবি করেন, আসিফ মাহমুদ অন্তত একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছেন—এমন তথ্য তিনি নিজে জানেন। এ বিষয়ে একজন উপদেষ্টাকে জানালে তিনিও বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ।
তবে নিজের বক্তব্যে রাশেদ স্বীকার করেন, তিনি আসিফ মাহমুদের বিরুদ্ধে করা এসব অভিযোগের বিষয়ে তার কাছে থাকা তথ্যের ভিত্তিতেই কথা বলছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে তিনি তার অবস্থান থেকে সরে যাবেন না।
পোস্টের শেষদিকে রাশেদ বলেন, আসিফ মাহমুদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পাশাপাশি বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের অনুসন্ধান করা প্রয়োজন। তার দাবি, অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বললেই প্রকৃত তথ্য সামনে আসতে পারে।
উল্লেখ্য, রাশেদের এসব বক্তব্য তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের ভিত্তিতে তৈরি করা হয়।