
উজিরপুর প্রতিনিধিঃ-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুড়া এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডু। এ সময় তার সঙ্গে বরিশাল জেলা বিএনপি, যুবদল, জাসাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ধামুড়া এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পলাশ কুন্ডু পূজার আয়োজন ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। পাশাপাশি মন্দিরে আগত দর্শনার্থী, স্থানীয় বাসিন্দা ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খান, জেলা জাসাসের সভাপতি সাব্বর নেওয়াজ সাগর, জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু, জেলা জিসাসের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার ঝন্টু, সংগঠনটির বরিশাল জেলা আহ্বায়ক মন্টু চন্দ্র বৈদ্য এবং বরিশাল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌমেন্দ্র সাহা সামীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তাদের এ পরিদর্শনে স্থানীয় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের চিত্র উঠে আসে।