
মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে দুটি কম্পিউটার ও একটি আইপিএস প্রদান করেছেন আগৈলঝাড়ার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম (শামস)।
আজ বুধবার (২১ অক্টোবর) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষ থেকে এসব সরঞ্জাম প্রদান করা হয়।
অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামীম সভাপতিত্ব করেন। ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামসের পক্ষে তাঁর ছোট ভাই সান্টু শিকদার প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে দুটি কম্পিউটার ও একটি আইপিএস তুলে দেন।
এ সময় সান্টু শিকদার বলেন, সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেন। তাঁদের পেশাগত কাজকে আরও সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা যুবদলের নেতা ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার এবং এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিল্লাত চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরি, তথ্য সংরক্ষণ ও সংবাদমাধ্যমে তা দ্রুত পাঠানোর ক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ।পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে আইপিএসের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি রিপন বিশ্বাস, মাসুম হাওলাদার, সাইফুল মৃধা ও আকাশ মাহমুদ, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও রাসেল হাওলাদার, নির্বাহী সদস্য কেএম আজাদ এবং সদস্য ওমর আলী সানি, আশরাফ উদ্দিন ও শাহাদাত হোসেন চৌধুরীসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকেরা।