
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদী উপজেলায় দীর্ঘ ১৫ বছর ধরে চলা জমি-সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মো. মেহেদী হাসানের উদ্যোগ, আন্তরিক সহযোগিতা ও মধ্যস্থতায় বিরোধপূর্ণ জমির শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে।
জানা গেছে, গৌরনদী পৌরসভার আশোকাঠি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহ আলম বালির স্ত্রী পারুল বেগম দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন। নিজের ওয়ারিশসূত্রে পাওয়া এবং ক্রয়কৃত সম্পত্তির দখল ও ভোগদখল নিয়ে জটিলতায় ছিলেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রশাসনিক প্রক্রিয়ার পর গত ২ আগস্ট দুপুর ১টার দিকে সংশ্লিষ্টদের উপস্থিতিতে পারুল বেগমকে তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের জমি বিরোধের অবসান ঘটে।
পারুল বেগম বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে জমি নিয়ে নানা সমস্যায় ভুগতে হয়েছে। শেষ পর্যন্ত এসিল্যান্ড মো. মেহেদী হাসান ও গৌরনদী মডেল থানার এসআই মো. আমির হোসেনের উদ্যোগ ও সহযোগিতায় সমস্যাটির সমাধান হয়েছে। সম্পত্তি বুঝে পাওয়ায় আমি সন্তুষ্ট।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি বিরোধ প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকার প্রশংসাও করেছেন তারা।