
মেহেন্দীগঞ্জ প্রতিনিধি:-
বরিশালের মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মোঃ আবু জাফর প্যাদা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। নিয়মিত রাত্রিকালীন টহলের সময় দলটি জানতে পারে, উলানিয়া লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ আবু জাফর প্যাদা পটুয়াখালী জেলার দুমকি থানাধীন দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এসআরবি-৮, বরিশাল মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।