
এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-
জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দল ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল টাউন হল মিলনায়তনে বরিশাল উত্তর জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বরিশাল উত্তর জেলা বিএনপিও পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। কর্মসূচিতে দলের প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সাবেক মেয়র এবং বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদ উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বিএনপির প্রতিষ্ঠার পটভূমি, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির ভূমিকার কথা তুলে ধরেন। তিনি দলীয় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ও জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বক্তা জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, এটি দলের আদর্শ, লক্ষ্য ও রাজনৈতিক দায়িত্ব নতুন করে স্মরণ করারও দিন। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। ইউনিয়ন, ওয়ার্ডসহ দলের প্রতিটি পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বরিশাল উত্তর জেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বিএনপির গৌরব, ঐতিহ্য, রাজনৈতিক সংগ্রাম ও বিভিন্ন পর্যায়ের আন্দোলনের কথা তুলে ধরেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান এবং সদস্য (দপ্তরের দায়িত্ব) রফিকুল ইসলাম কাজল।
আলোচনা সভায় বরিশাল উত্তর জেলা বিএনপির বিভিন্ন উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।