
মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ
একজন ইসলামী ব্যক্তিত্ব ও সাবেক জনপ্রতিনিধির কাছ থেকে দায়িত্বশীল, শালীন ও সত্যনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করেন সাধারণ মানুষ। অথচ পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে পরিচিত আলহাজ্ব মো. সফিউল আলম সুফির একটি ফেসবুক পোস্ট ঘিরে এমনই প্রশ্ন উঠেছে।
নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে সারাদেশে সন্ত্রাসী লীগ নিশ্চয়ই চলন্ত বাসে আগুন দিতে পারতো না।’
তাঁর এই বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত হিসেবে ইঙ্গিত করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রী জীবিত থাকা অবস্থায় এমন বাক্য ব্যবহারের যৌক্তিকতা নিয়েও আলোচনা হচ্ছে।
রাজনৈতিক বক্তব্যে প্রতিপক্ষের সমালোচনা কিংবা অতীতের সহিংসতার প্রসঙ্গ তুলে ধরা অস্বাভাবিক নয়। তবে সেই বক্তব্যের ভাষা কতটা শালীন, তথ্যনির্ভর ও দায়িত্বশীল-সেটিও গুরুত্বপূর্ণ।
বিশেষ করে যিনি ইসলামী মূল্যবোধ ও আদর্শের প্রতিনিধিত্ব করেন বলে পরিচিত, তাঁর বক্তব্যে সত্যনিষ্ঠা, সংযম ও নৈতিকতার প্রতিফলন থাকা কতটা জরুরি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো।’ (সুরা আল-আহজাব, আয়াত: ৭০) রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, সমালোচনাও হতে পারে। কিন্তু একজন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যে অসতর্কতা, অসংগতি কিংবা বিভ্রান্তির অবকাশ থাকা কতটা গ্রহণযোগ্য-এ প্রশ্ন থেকেই যায়।