
নাসির উদ্দিন লিটন, মাদারীপুর কালকিনিঃ-
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ হলরুমে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এনজিও সমন্বয় সভার সভাপতি কিশোর কুমার দাস।
সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে চান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ করে ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাইরে সাধারণ মানুষের কল্যাণে কী ধরনের জনসেবামূলক কাজ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এ সময় ইউএনও বলেন, এনজিওগুলোকে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। মাদক, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক প্রচার বাড়ানোর পাশাপাশি লিবিয়াসহ বিভিন্ন দেশে পাচারের শিকার হওয়া মানুষদের সহায়তায় উদ্যোগ নিতে হবে। শিশুদের বিদ্যালয়মুখী করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বিদেশফেরত ব্যক্তিদের পুনর্বাসন ও স্বাবলম্বী করতে এনজিওগুলোকে আলাদা কর্মপরিকল্পনা বা স্কিম গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে হবে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ইউএনও বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে আইন অনুযায়ী অনধিক তিন লাখ টাকা পর্যন্ত নির্দিষ্ট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এনজিও প্রতিনিধিদের নিজ নিজ কর্মএলাকায় প্রচার-প্রচারণা চালাতে হবে।
তিনি জানান, ইতোমধ্যে জিও-এনজিও সমন্বয় সভার মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে প্রতিনিধিদের ধারণা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় লিফলেট সরবরাহ করা হয়েছে। এসব লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর আলম, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মিতু দেবনাথ, রিকের শাখা হিসাবরক্ষক নাজনীন আক্তার লিমা, ভার্কের ম্যানেজার মুন্নু মন্ডলসহ এসডিএস, গণ উন্নয়ন প্রচেষ্টা, আরডিএফ, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, টিএমএসএসসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।