
প্রতিদিনের ক্রাইম নিউজ, ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
বরিশালে মাদকবিরোধী অভিযানে একটি নীল-হলুদ রঙের পিকআপভ্যানের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রাহুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টা থেকে শনিবার রাত ১টা পর্যন্ত বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় অভিযান চালায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল।
অভিযান চলাকালে একটি নীল-হলুদ রঙের পিকআপভ্যানের কাছে থাকা তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানকারী দল ধাওয়া করে রাহুল হাওলাদারকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পিকআপভ্যানের পেছনে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের তথ্য দেন। চেম্বারটি তল্লাশি করে ৩০টি পলিথিনের পোটলা থেকে তিন কেজি করে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার রাহুল হাওলাদারের বাড়ি নগরীর দুর্গাপুর এলাকায়। একই ঘটনায় পলাতক অপর দুজন হলেন রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪১) ও সিরাজ মিয়া (৩৭)।
মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পলাতক দুজনকে আটক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।