
নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টারঃ-
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ‘নিরাপদ চিকিৎসা চাই’ (নিচিচা) মাদারীপুর জেলা শাখা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকপাড়ের শহীদ কানন চত্বরে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়।
‘ডেঙ্গুমুক্ত মাদারীপুর গড়ার লক্ষ্যে’ আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) মাদারীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।
প্রচার অভিযানে শকুনি লেক এলাকায় ঘুরতে আসা সাধারণ মানুষ, পথচারী ও চলাচলরত রিকশা-গাড়ির যাত্রীদের মধ্যে ডেঙ্গুর ভয়াবহতা, সংক্রমণ প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচি থেকে সাধারণ মানুষের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়। এর মধ্যে রয়েছে—বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, ফুলদানি, টব, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়া, নিয়মিত বাড়ির আঙিনার আগাছা ও ঘাস পরিষ্কার করা এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করা। বিশেষ করে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে দিনের বেলায়ও মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া সরকারি-বেসরকারি অফিস, আদালত ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়েও সবাইকে সচেতন করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, সম্মিলিত উদ্যোগও জরুরি। নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা সম্ভব। জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও ডেঙ্গুমুক্ত মাদারীপুর গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।