
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন মো. জামাল ও সোহাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেফটি ট্যাংকের ভেতরে অক্সিজেনের ঘাটতি ও বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাল ব্যবসায়ী মো. রিয়াজের নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করার সময় ওই দুই শ্রমিক সেফটি ট্যাংকের ভেতরে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন।
পরে তাঁদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে সেফটি ট্যাংকের ভেতরে ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।