
নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে গত ১৫ নভেম্বর রাজৈর থানা ও মাদারীপুর সদর মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজৈর থানাধীন টেকেরহাট ব্রিজের উত্তরপাড় তাঁতীকান্দা এলাকায় হাসমত খানের মালিকানাধীন একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মেরাজুল শেখ (৪৫) ও বাগাট গ্রামের মোঃ হাবিল শেখ (৩৭)-এর কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানাধীন পাকদী এলাকায় সার্বিক পেট্রোল পাম্পসংলগ্ন জায়ান স্টোর নামের একটি মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ, নতুন মাদারীপুর বিসিক এলাকার বাসিন্দা লাক্ষু ওরফে ইমন হাওলাদার (২৫)-এর কাছ থেকে আরও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পৃথক দুটি অভিযানে সর্বমোট ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ।