
নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার:
মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাজ্জাদ আকন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত ২টা ৩০ মিনিটে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পূর্ব এওজ জামে মসজিদের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পূর্ব এওজ এলাকায় সন্দেহভাজন মোঃ সাজ্জাদ আকনকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতার সাজ্জাদ আকন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকার আলমগীর আকনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার কথাও জানিয়েছে জেলা পুলিশ।