
এ.এস. মামুন, স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বার্থী স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কটকস্থল স্পোর্টিং ক্লাব। ম্যাচের ১০ মিনিটে জিদান রহমানের করা গোলটিই শেষ পর্যন্ত দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়।
রোববার (১১ অক্টোবর) বিকেলে গৌরনদীর বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে। ম্যাচের ১০ মিনিটে কটকস্থল স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেন তরুণ ফুটবলার জিদান রহমান। তিনি ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য বলে জানানো হয়েছে। তাঁর গোলে এগিয়ে যায় কটকস্থল।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্থী স্পোর্টিং ক্লাব। তবে ম্যাচের একপর্যায়ে রেফারির হলুদ কার্ড দেখানোকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরতির আগে বার্থী স্পোর্টিং ক্লাবের এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বার্থী স্পোর্টিং ক্লাবের স্পন্সরের নির্দেশে দলটি খেলা ছেড়ে মাঠ ত্যাগ করে বলে জানা গেছে।
পরিস্থিতির পর টুর্নামেন্ট কর্তৃপক্ষ কটকস্থল স্পোর্টিং ক্লাবকে বিজয়ী ঘোষণা করেন। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন স্থানীয় অসংখ্য দর্শক ও ফুটবলপ্রেমী। এ সময় উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন মোঃ আসাদুজ্জামান মাসুদ মিয়া, জিয়াউর রহমান মিয়া, আব্দুর রহমান ইসলাম মুন্না, পিয়াল ইসলাম, লিমন মাঝি, শাওন গোমস্তা, জিদান তালহা, হাসান জিহাদ মোল্লা, সাবিত, সাকিব ফকির, সোহান বেপারী, আরিফ মাঝি, নাঈম মাঝি, অভিজিৎসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনালে ওঠার মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল কটকস্থল স্পোর্টিং ক্লাব। এখন ফাইনালে দলটির প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।