
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলাইকাঠী রাঙ্গামাটি নদীর তীরবর্তী চরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি বেকু (এক্সকাভেটর) ও একটি ট্রলার আটক করে স্থানীয়রা। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তাঁর নির্দেশে চরামদ্দি পুলিশ ফাঁড়ির এসআই সোরাব হোসেন ঘটনাস্থলে গিয়ে আটককৃত বেকু ও ট্রলারটি হেফাজতে নেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বেকু ও ট্রলার আটকের পর ঘটনাস্থলে এসি ল্যান্ড পৌঁছানোর আগেই আটককৃত যান দুটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় এসআই সোরাব হোসেনের উপস্থিতিতেই বেকু ও ট্রলারটি ঘটনাস্থল ত্যাগ করে বলে দাবি করেন স্থানীয়রা। তাদের আরও অভিযোগ, সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করার মাধ্যমে আটককৃত বেকু ও ট্রলার সরিয়ে নেওয়া হয়েছে।
পরবর্তীতে এসি ল্যান্ড ঘটনাস্থলে পৌঁছে আটককৃত বেকু ও ট্রলার দেখতে না পেয়ে বিষয়টি জানতে চান। এ ঘটনায় তিনি এসআই সোরাব হোসেনকে পুনরায় আটকের নির্দেশ দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নদীর তীরবর্তী চর থেকে অনুমোদন ছাড়া মাটি কাটার অভিযোগে পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে আটককৃত বেকু ও ট্রলার কীভাবে পুলিশের হেফাজত থেকে সরে গেল—এ নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।