
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’।
এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ৪০০ শিশু অংশ নেয়। তাদের রঙতুলিতে বাংলাদেশের জাতীয় পতাকা, ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ জীবন, নৌকাবাইচ ও বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের প্রতিকৃতিসহ নানা বিষয় ফুটে ওঠে।
এ ছাড়া সাংবাদিক, শিক্ষার্থী, সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ‘আলোকচিত্র প্রদর্শনী’। এতে নড়াইলের প্রকৃতি, মানুষ, ঐতিহ্য ও সংস্কৃতির নানা চিত্র স্থান পেয়েছে।
এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমান, নাজমুল হাসান লিজাসহ সুলতানপ্রেমীরা।
দু’দিনব্যাপী এ উৎসবে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে পরিচিত সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।