
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় পরিমাণ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল রামপট্টি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. জুবায়ের মিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
গ্রেফতার জুবায়ের মিয়া বরিশালের উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ. মান্নানের ছেলে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় এ সংক্রান্ত আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ এবং গ্রেফতারের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।