
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
বরিশাল বিমানবন্দরের অভ্যন্তরে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক আনসার সদস্য। বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে শ্রী মিঠু হালদার নামে ওই সদস্যকে ঘাস কাটার কাচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুহুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আটক রুহুল আমিন বরিশালের উত্তর রহমতপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। আহত আনসার সদস্য মিঠু হালদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার ধীরেন্দ্র হালদারের ছেলে।
জানা যায়, বিমানবন্দরের ভেতরে ঘাস কাটার কাজ করার সময় রুহুল আমিন বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নজরে এলে দায়িত্বে থাকা আনসার সদস্য মিঠু হালদার তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রুহুল আমিন ক্ষিপ্ত হয়ে ঘাস কাটার কাচি দিয়ে মিঠু হালদারকে আঘাত করেন।হামলায় গুরুতর আহত হন ওই আনসার সদস্য। পরে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরের সিভিল এভিয়েশন নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।
আহত মিঠু হালদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার অভ্যন্তরে এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।