
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ভয়াবহতায় মুহূর্তেই বদলে গেল সড়কের পাশের দুটি পরিবারের স্বাভাবিক জীবন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বিদ্যুতের খুঁটি ভেঙে বসতঘরের ওপর উল্টে পড়ায় ঘর দুটি বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনার সময় ঘরে থাকা পরিবারের সদস্যরা নিরাপদে সরে যেতে সক্ষম হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক দিয়ে চলাচলের সময় গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। খুঁটি দুটি ভেঙে যাওয়ার পর বাসটি ছিটকে গিয়ে স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে।
বাসের প্রচণ্ড আঘাতে বসতঘর দুটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘরের বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে গুরুতর আহত ১০ যাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দুটি পরিবারের বসতঘর বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।