
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি পিকআপ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপসহ মোঃ জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে মোট ১৮০টি প্যাকেটে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মোঃ জাকারিয়া ইদ্রীস (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার নীলার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শফিকুর রহমান এবং মাতার নাম ফাতেমা খাতুন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।