
পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গীর্জা মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে জহির উদ্দিন স্বপন বলেন, সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের জান-মাল ও নিরাপত্তার দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেছেন। এ সময় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
এদিন তিনি পিংলাকাঠি, কুতুবপুর, মৃধার হাট, গরঙ্গল ও নলচিড়া বাজারে গণসংযোগ ও পথসভা করেন। বক্তৃতায় তিনি বলেন, গৌরনদী-আগৈলঝাড়ার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের অন্যায় সহ্য করা হবে না।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান খোকন, উপজেলা যুগ্ন আহবায়ক শামীম খলিফা, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইদুল আলম সান সেন্টু প্রমূখ।