
পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-
দীর্ঘ চার বছর সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বদলি হলেন অফিস সহকারী জিএম আব্দুর রব। তিনি বর্তমানে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
বিদায় উপলক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: ইব্রাহীম ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে জিএম আব্দুর রবকে বিদায় জানান। সহকর্মীরা তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আন্তরিক আচরণের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসানসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, জিএম আব্দুর রব কর্মজীবনে অত্যন্ত দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। অফিসের সকলের সাথে তাঁর আন্তরিক সম্পর্ক ছিল অত্যন্ত প্রশংসনীয়।
বিদায়ী বক্তব্যে জিএম আব্দুর রব গৌরনদীতে কর্মরত অবস্থায় সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গৌরনদীতে কাটানো সময় ও সহকর্মীদের স্মৃতি সবসময় মনে থাকবে।”
শেষে তাঁর নতুন কর্মজীবনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন উপস্থিত সকলে।