
আতাউর রহমান চঞ্চল’বরিশাল গৌরনদীঃ-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারা দেশের ন্যায় বরিশালের গৌরনদীতেও শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রস্তুতি। উপজেলার ইউনিয়নগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। তবে গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন জেলা যুবদল নেতা ও বিশিষ্ট সমাজসেবক তারিকুল ইসলাম কাফী।
তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, বিরোধী আমলে আন্দোলন থেকে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সবক্ষেত্রেই মাঠের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ । তার পরিশ্রমী সাংগঠনিক তৎপরতা এবং সাহসিকতা রাজনৈতিক মহলে তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
সমাজ সংস্কারে অনন্য ভূমিকা:
রাজনৈতিক পরিচয়ের বাইরেও তারিকুল ইসলাম কাফী একজন নিবেদিতপ্রাণ শিক্ষা ও সমাজকর্মী। এলাকায় শিক্ষা বিস্তার, অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে তিনি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন। সামাজিক সম্প্রীতি রক্ষা ও মানবিক কার্যক্রমে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের মণিকোঠায় স্থান করে দিয়েছে। এলাকার তরুণ প্রজন্মের কাছে তিনি এখন এক অনন্য ‘আইকন’।
গৌরনদীর ঐতিহ্যবাহী ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক সচেতন পরিবারে তার জন্ম। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি মনে করেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসা অপরাধের দানবদের দমনে সাহসী ও মেধাবী নেতৃত্বের কোনো বিকল্প নেই। কাফীর মতে, স্থানীয় সরকারের আমূল পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য মানুষকে বেছে নেয়া এখন সময়ের দাবি।
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে আরও সময় বাকি থাকলেও বার্থী ইউনিয়নের গ্রাম-গঞ্জ ও হাট-বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তারিকুল ইসলাম কাফী। সাধারণ ভোটারদের ধারণা, তার তারুণ্যের উদ্দীপনা এবং সামাজিক দায়বদ্ধতা তাকে একজন সফল ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করবে। ইতিমধ্যে তার সামাজিক সম্প্রীতি ও কর্মতৎপরতা ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে।
স্থানীয়রা বলছেন, বার্থী ইউনিয়নের উন্নয়নের ধারাকে বেগবান করতে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়তে তারিকুল ইসলাম কাফীই হতে পারেন সুযোগ্য কাণ্ডারি।