
কালিয়া, (নড়াইল) সংবাদদাতাঃ-
নড়াইলের নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও এসআই হাসান পুটিমারী গ্রামের মোঃ এসকেন শেখকে আটক করেন। পরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুটিমারী বাজারে নেওয়া হলে আসামির অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, এসকেন শেখের বাবা বাবলু শেখ এবং ভাই নয়ন শেখ ও সজল শেখ হ্যান্ডকাপ পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্লা, প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্লা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে পুলিশকে লাঞ্ছিত করে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করে। পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে সরকারি হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নড়াগাতী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেপ্তার ও ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে পুটিমারী ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।