
বানারীপাড়ায় সংগীতাঙ্গনে শোকের ছায়া, জানাজা শেষে দাফন সম্পন্ন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনার পর অসুস্থ হয়ে মারা গেছেন সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০)। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্সে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
নিহত শিশির বাবু বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির বাসিন্দা। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম মনিরুল আলম মিঠু মোল্লা ও বিপুল মোল্লার ছোট ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি মাহিন্দ্রা স্ট্যান্ডে পরিবারের এক ভাড়াটিয়ার সঙ্গে বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লার খারাপ আচরণের বিষয়টি জানতে পেরে ছোট ভাই শিশির বাবু প্রতিবাদ করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
স্থানীয়দের দাবি, হাতাহাতির সময় দুজনই আহত হন। এ সময় শিশির বাবুর হাতে থাকা স্টেইনলেস স্টিলের একটি স্টিক নিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘরে শুইয়ে রাখা হয়। একপর্যায়ে বিপুল মোল্লা বড় দা নিয়ে এগিয়ে এলেও উপস্থিত লোকজনের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয় বলে স্থানীয়রা জানান।
পরবর্তীতে শিশির বাবু মাথা ও বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এদিকে শিশির বাবুর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও সংগীতাঙ্গনের পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংগীতাঙ্গনে শিশির বাবু ছিলেন পরিচিত ও জনপ্রিয় একজন ড্রামার। ২০০৬ সালে আত্মপ্রকাশ করা বানারীপাড়ার স্থানীয় ব্যান্ড দল ‘নিউ রেইনবো’র মাধ্যমে তাঁর সংগীতজীবনের পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি ‘গ্যারেজ অব রিক’ (GOR) ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। এ ছাড়া বরিশালের স্বনামধন্য ব্যান্ড দল রঙ পেন্সিল, মাটি, ইনসাইট ও কুল ফিউশনসহ বিভিন্ন ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে কাজ করেছেন। দক্ষতা ও সংগীতপ্রতিভার মাধ্যমে তিনি বরিশাল অঞ্চলের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন।
তিনি বানারীপাড়ার এসএসসি-২০০৩ ব্যাচের সংগঠন ‘ইউনাইটেড-২০০৩’-এরও সক্রিয় সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন বলে জানা গেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে মারামারি এবং একজনের মৃত্যুর বিষয়টি তাঁরা লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।