
সাগর কুমার বাড়ই, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের জানমালের ক্ষতি করছে এবং দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সৃষ্টি করতে হবে। কেউ কোনো সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেবেন না। সন্ত্রাসীদের যখন যেখানে দেখবেন, তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, বরং প্রত্যেক সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে। তাই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার শিক্ষার উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তখন নারী শিক্ষার প্রসারে মেয়েদের উপবৃত্তি, মাধ্যমিক পর্যায়ে মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এসব উদ্যোগ শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। বিএনপি সরকার শিক্ষাকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করেছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের সরকার। বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে, রাতের ভোটে নয়। জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনগণের আশা আকাঙ্ক্ষা, অধিকার ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। অতীতে আওয়ামী লীগ দেশের মানুষকে তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামীলীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক হয়রানির ঘটনা ঘটেছে। মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরন করেছে। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে গিয়ে জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করেছে। দেশের মানুষ আর কোনো ধরনের রাজনৈতিক দমন পীড়ন ও ভোটাধিকার হরণের রাজনীতি দেখতে চায় না। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং দেশের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য। দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী করা, শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানের পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি ২৩ শে নভেম্বর সোমবার দুপুরে খুলনার দিঘলিয়া উপজেলার সরওয়ার খান কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুল রহমান মিন্টু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অত্র কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন এবং সভাপতিত্ব করেন মনিরুল হক বাবুল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।