
আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-
মাদক বিক্রির প্রতিবাদ করায় বরিশালের গৌরনদীতে মানিক বেপারী নামে এক চা দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয়রা।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কে এ ঘটনা ঘটে।
আহত মানিক বেপারী নলচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নূর জামান বেপারীর ছোট ভাই। হামলায় তাঁর হাতের কবজিতে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডি অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাইকেলযোগে নলচিড়া বাজারের দিকে যাচ্ছিলেন মানিক বেপারী। পথে কলাবাড়িয়া গ্রামের ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা নগদ ৫৮ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
এদিকে, এ হামলার নেপথ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনাকে দায়ী করছেন স্থানীয়রা। জুয়েল সরদারের দাবি, গত ৫ নভেম্বর তিনি মানিক বেপারীর দোকানে বসে মাদক বিক্রির বিষয়টি দেখতে পান। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য নিষেধ করেন। বিষয়টি তিনি স্থানীয় বিএনপি নেতা ও গৌরনদী উপজেলা বিএনপির সদস্য মামুন স্বপন হাওলাদারকে জানান। এ সময় মনির সিকদার, হুমায়ুন কাজী ও কুদ্দুস হাওলাদার উপস্থিত ছিলেন।
জুয়েল সরদারের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনার জের ধরেই শনিবার মানিক বেপারীর ওপর হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. জামাল খান (পিতা মৃত সিরাজ খান), সোহেল খান (পিতা মৃত সিরাজ খান), ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনা খান (পিতা বাবুল খান), কলাবাড়িয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবুজ খান (পিতা আলতাফ খান), বাবুল, সুমনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় এক ব্যক্তি বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে এভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।