
মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেক্স মাদারীপুরঃ-
মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর পরিস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে অভিযুক্ত জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
অভিযুক্ত তাইজুল ইসলাম উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্বে ছিলেন। এ ঘটনায় এরই মধ্যে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন তাইজুল ইসলাম। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে শত শত স্থানীয় নারী-পুরুষ একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেন।মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা চড়াও হয়ে অভিযুক্ত নেতার বসতঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন,অভিযুক্ত তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে পানিপড়া ও ঝাড়ফুঁক দিয়ে কথিত চিকিৎসা চালিয়ে আসছিলেন। তারেই ধারাবাহিকতায় তিনি নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এদিকে এই ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তাইজুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ছরোয়ার হোসাইন মৃধার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।