
পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা–বরিশাল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ দিন দিন বাড়ছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটছেন গ্রামের বাড়িতে। তবে এই আনন্দযাত্রায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মহাসড়কের বিভিন্ন স্থানের খানাখন্দ, ভাঙাচোরা রাস্তা এবং ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত সংকীর্ণ সড়ক ব্যবস্থা।
প্রায় প্রতিদিনই মহাসড়কের কোথাও না কোথাও ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ছে, যা ঈদের আনন্দকে ম্লান করে দিচ্ছে। একটি দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের হাসিকে কান্নায় পরিণত করছে।
সচেতন মহলের মতে, ঈদযাত্রা নিরাপদ করতে দ্রুত মহাসড়কের জরুরি সংস্কার, ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং চালকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে পথচারীদেরও সতর্কভাবে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
পবিত্র ঈদুল আযহার আনন্দ যেন কোনো পরিবারের জন্য বেদনায় পরিণত না হয়—এটাই এখন সবার প্রত্যাশা। সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে।