
মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর
মাদারীপুরের ডাসার উপজেলার ধুলগ্রামের রাস্তা ও খালের পাড় থেকে গাছ কেটে নিচ্ছে স্থানীয় আহম্মদ, মোহাম্মদ ও খলিল নামের স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তিরা। রাস্তাটি ইউনিয়ন ভূমি অফিসের ৫ শ গজের মধ্যে হলেও সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ায় কোন ব্যবস্থা নিচ্ছেনা ভূমি তহশিলদার কবির হোসেন।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশ থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। গাছ কাটার পর গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। বেশ কিছুদিন ধরে গাছ কাটলেও তহশিলদার কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ পর্যন্ত প্রায় ১২ থেকে ১৫ টি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী আহম্মদ, মোহাম্মদ নামের দুই ভাই ও খলিল নামের অপর এক ব্যক্তি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় ওয়াজেদ আলী ও মোসারফ হাওলাদার অভিযোগ করে বলেন, প্রকাশ্যে রাস্তার গাছ কেটে নিলেও তহশিলদার তাদের কিছু বলে না। এভাবে রাস্তার গাছ কেটে নিলে বর্ষার মৌসুমী খালে পানি এলে এই রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন গাছ কাঁটতে এদের বাঁধা না দিলে পরবর্তীতে আরও মানুষ গাছ কাঁটা শুরু করবে। এভাবে রাস্তার দুই পাশের সব গাছই কেটে ফেলবে স্থানীয় প্রভাবশালীরা। তহশিলদার এদের কাছ থেকে টাকা নিয়ে গাছ কাটার সুযোগ করে দিচ্ছে। তহশিলদার সরকারি লোক হয়ে কীভাবে সরকারে ক্ষতি করছে। আমরা এর বিচার চাই।
অভিযুক্ত খলিল আকন বলেন, আমাদের জমির উপর দিয়ে রাস্তা গেছে। আমরা রাস্তার পাশে খাল পাড়ে এই গাছ লাগিয়েছি। এখন গাছ বড় হয়েছে তাই কেটে নিয়ে যাচ্ছি। এতে কার কি বলার আছে।
বালীগ্রাম ইউনিয়নের তহশিলদার মো.কবির মিয়া বলেন, আমার মৌজা ম্যাপ দেখতে হবে। এবং এই জমি কার। যদি কাগজপত্রে সরকারি জমি হয় তখন তাদের আমি বাঁধা দেব।
আপনার কাগজপত্র দেখতে দেখতে তো এরা গাছ কেটে নিয়ে যাবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি তাদের জমিতে গাছ হয় তাহলে তারা গাছ কাটলে আমার কি করার আছে। আর যদি জমি সরকারি হয় তখন আমি দেখব। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন তহশিলদার কবির মিয়া।
এ বিষয় জানতে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান বলেন, ধুলগ্রাম থেকে কর্নপাড়া ঢাকা বরিশাল মহাসড়ক পর্যন্ত যে পাকা সড়ক এবং ধুলগ্রাম থেকে টুবিয়া বাজার হয়ে মাদারীপুর লেক পার পর্যন্ত যে পাকা সড়কটি সম্পূর্ণেই মালিকানা,আমি রাস্তার দুই পাশের গাছ বিক্রি করতে নিষেধ করলে তারা আমার কথা শুনে না।