
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মোঃ ইয়াসিন খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সিপিএসসি, বরিশাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি একটি আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানাধীন বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসিন উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হাফেজ খান ওরফে সোমেদ খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে মোঃ শাহিন হাওলাদার (৪৫) একটি মুদি দোকানের পাশাপাশি বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গত ১৬ আগস্ট দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁর বসতবাড়ি এবং তাঁর ভাই মোঃ সোহেল হাওলাদারের টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে লোহার রড দিয়ে মারধর করে আলমারি ও বক্স ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ মোট ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। ১৭ আগস্ট মামলাটি থানায় ১৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াসিন খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।