
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণে চারজন ছাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় আসছিলেন শিক্ষার্থীরা। এ সময় মাদ্রাসার ভেতরে ইমন সরদারের বসতঘরের সামনে টেনিস বল সাদৃশ্য বস্তু নিয়ে খেলার সময় বল আদলে তৈরি হাতবোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মাদ্রাসার অন্তত চার শিক্ষার্থী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিদা আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। বিস্ফোরণের ঘটনায় কীভাবে এবং কোথা থেকে হাতবোমাটি সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।