
অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা
মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাম, লোগো এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে একটি ভুয়া ও বানোয়াট বালু উত্তোলনের অনুমতিপত্র তৈরি করা হয়েছে। সম্প্রতি বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা জারি করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জেলা প্রশাসকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৫.৪১.৫৪০০.০০১.১৬.৯৯.০০২১.২৬.২৯০ স্মারক নম্বরে এবং গত ৭ জুলাই ২০২৬ তারিখে একটি ভুয়া অনুমতিপত্র ইস্যু করা হয়েছে বলে কার্যালয়কে অবহিত করা হয়। ফরিদুপুরের ভাঙ্গা উপজেলার মাধবদী গ্রামের মো. আব্দুল বাশার মীরের ছেলে মো. রুবেল মিয়ার নামে এই অনুমতিপত্রটি তৈরি করা হয়।
উক্ত পত্রে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী থেকে ৩ মাসের জন্য বালু উত্তোলনের কথা উল্লেখ থাকলেও, জেলা প্রশাসন জানিয়েছে যে এটি সম্পূর্ণ জালিয়াতি এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এই ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসন স্পষ্টভাবে জানান,জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ/রাজস্ব শাখা থেকে এ ধরনের কোনো অনুমতিপত্র ইস্যু করা হয়নি। পত্রে ব্যবহৃত স্বাক্ষর এবং স্মারক নম্বর ও অন্যান্য তথ্যাদি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও প্রতারণামূলক। সরকারি নিয়ম অনুযায়ী নদী থেকে বালু উত্তোলনের জন্য এ ধরনের ব্যক্তিগত অনুমতি প্রদানের কোনো আইনি সুযোগ নেই।
সংশ্লিষ্ট দপ্তরের সকল অফিস আদেশ, প্রজ্ঞাপন, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র সরকারি ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্যান্য অনুমোদিত সরকারি মাধ্যমে প্রকাশ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো অননুমোদিত উৎস থেকে কোনো আদেশ বা বিজ্ঞপ্তি পেলে তা যাচাই-বাছাই না করে বিশ্বাস বা অনুসরণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কোনো আদেশ বা অফিস আদেশ নিয়ে সন্দেহ হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের মাধ্যমে তা যাচাই করতে বলা হয়েছে।
ভুয়া অফিস আদেশ তৈরি, প্রচার বা শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।