
মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের ডাসারে ঠাকুর রুদ্র দাশ (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী ও মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম খিলগ্রাম সড়কের পাশে ডাইয়ার বিলের একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঠাকুর রুদ্র দাশ উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের রামজয় রুদ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মৃগী রোগেও ভুগছিলেন। গত শনিবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।এরপরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে জানা যায়, পশ্চিম খিলগ্রামের বাসিন্দা রাজ্জাক মাতুব্বর ঠাকুর রুদ্র দাশকে তার কৃষি জমি পরিষ্কার করার জন্য চুক্তিতে কাজ দিয়েছিলেন।
নিখোঁজের একদিন পর রবিবার সকালে স্থানীয়রা ডাইয়ার বিলের জমিতে পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”