
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ-
মাদারীপুর সদর উপজেলার চরনাচনা এলাকায় একটি মসজিদের নামে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে ভুক্তভোগী পক্ষ আদালতে মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে গোলাম রসুল কুস্তি (পিতা: মৃত আব্দুল খালেক কুস্তি), চরনাচনা গ্রামের বাসিন্দা জানান, মৃত মোমিন কুস্তির মেয়ে জহুরা বিবি জীবদ্দশায় স্থানীয় মসজিদের নামে মোট ৬.১২ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ দান করেন। পরবর্তীতে জহুরা বিবি মৃত্যুবরণ করেন। পরে গোলাম রসুল কুস্তি নিজ উদ্যোগে আরও ১ শতাংশ জমি মসজিদের জন্য প্রদান করেন।
তিনি দাবি করেন, এর বাইরে যে জায়গা রয়েছে তা এলজিইডির পাকা সড়কের অংশ। কিন্তু একটি পক্ষ মসজিদের নাম ব্যবহার করে অতিরিক্ত জমি দখলের চেষ্টা করছে, যা সম্পূর্ণ বেআইনি।
এ ঘটনায় বাদী সরোয়ার কুস্তি (৭০), পিতা: মৃত মাইনদ্দিন, আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।
গোলাম রসুল কুস্তি বলেন, “মসজিদের মতো পবিত্র প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থে জমি দখল করতে না পারে। আমরা ন্যায়বিচার চাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।