
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরগুনার পাথরঘাটায় মাদক, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) পাথরঘাটার কে এম মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমাদের মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।”
তিনি শিক্ষার্থীদের খারাপ সঙ্গ ও ক্ষতিকর অভ্যাস পরিহার করে স্কাউটিং, বিএনসিসি, সাঁতার, কম্পিউটার শিক্ষা ও বিভিন্ন কারিগরি শিক্ষার মতো ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ডিআইজি বলেন, এসব ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য সম্পদ হিসেবে ভূমিকা রাখা যায়। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।