
মো. হেমায়েত হোসেন খান, নিউজ ডেক্স মাদারীপুরঃ-
আসন্ন মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের মস্তফাপুরে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এক জমজমাট ও প্রাণবন্ত নির্বাচনী মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ ও উদ্যমী মুখ কাজী কাওসার (সালমান)-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
পরিবর্তনের জন্য সদিচ্ছাই যথেষ্ট”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার দক্ষিণ খাকছারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষের উপচেপড়া উপস্থিতিতে সভাটি এক জনসমুদ্রে রূপ নেয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা করা হয়। এরপর এলাকার অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন এবং সমাজ থেকে সকল অন্যায়-অবিচার দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রার্থী কাজী কাওসারের হাতকে শক্তিশালী করার জোরালো আহ্বান জানান বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জাফর আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মো. জাফর আলী মিয়া বলেন, “মস্তফাপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। কাজী কাওসার এলাকার তরুণ প্রজন্মের এক উদীয়মান ও পরিশ্র্মী মুখ। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়নে তাকে ঐক্যবদ্ধভাবে সমর্থন জানিয়ে এগিয়ে নিতে হবে। সাধারণ মানুষের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা সবসময় প্রস্তুত আছি।”
মতবিনিময় সভা শেষে স্থানীয় তরুণ ও মুরুব্বিরা কাজী কাওসার (সালমান)-এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন এবং ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন কাজী হুমায়ুন আহাম্মেদ এবং সঞ্চালনা করেন কাজী রবিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাদু মিয়া, কবির মল্লিক, জসিম কাজী, হালিম কাজী, মনির কাজী, হালিম মল্লিক, ইনাই কাজী, শাকিল কাজী, নেছার উদ্দিন মল্লিক, নান্নু ঢালী, বাবু মেম্বার এবং মোহাম্মদ আলী শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।