
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে সারাদেশে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের একযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি, তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,দলীয় নীতি,আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের তালিকায় খুলনা বিভাগের ছয়জন নেতার নাম রয়েছে। এর মধ্যে নড়াইল-২ আসনের প্রার্থী নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামও রয়েছেন।
খুলনা বিভাগের বহিষ্কৃত নেতারা হলেন- কুষ্টিয়া-১ আসনের নুরুজ্জামান হাবলু মোল্লা (সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি), নড়াইল-২ আসনের মনিরুল ইসলাম (সাধারণ সম্পাদক, নড়াইল জেলা বিএনপি), যশোর-৫ আসনের অ্যাডভোকেট শহিদ ইকবাল (সভাপতি, মনিরামপুর থানা বিএনপি), সাতক্ষীরা-৩ আসনের ডা. শহীদুল আলম (সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি), বাগেরহাট-১ আসনের ইঞ্জিনিয়ার মাসুদ (সদস্য, জেলা বিএনপি) এবং বাগেরহাট-৪ আসনের খায়রুজ্জামান শিপন (সদস্য, জেলা বিএনপি)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।