
মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌর বিএনপির উদ্যোগে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন সড়কের দুই পাশ থেকে জমে থাকা বালু ও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলছে।
দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকারের নেতৃত্বে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
অভিযানের আওতায় এশিয়ান হাইওয়ের আব্দুলপুর থেকে মডেল মসজিদ হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত এবং করতোয়া সেতু থেকে পাকুড়ীতলা পর্যন্ত সড়কের দুই পাশের জমে থাকা বালু পরিষ্কার করা হচ্ছে।
এ সময় দেবীগঞ্জ পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
আয়োজকরা জানান, দেবীগঞ্জ পৌরসভার পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও জনসাধারণের চলাচলের উপযোগী রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনো একদিনের কর্মসূচি নয়; বরং পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
তারা আরও জানান, শহরকে পরিচ্ছন্ন রাখা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। তাই পৌরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে পৌর বিএনপির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।