
মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক বরণের মধ্য দিয়ে শুরু হলো তাদের কলেজজীবনের নতুন অধ্যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় দেবীগঞ্জ পৌর শহরের দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব ইন্দ্রজীত সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উদ্বোধনী ক্লাস ও আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় এদিন কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরাও নতুন শিক্ষাজীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজনে: ভর্তি কমিটি, দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, দেবীগঞ্জ, পঞ্চগড়।